গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৪০ পিএম
হাতিয়ার সেই স্কুল ঘিরে বাড়ছে রহস্য, তৃতীয় দফায় অজ্ঞান আরও ১০ শিক্ষার্থী
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দফায় আরও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ‘শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ’ চলাকালে একের পর এক শিক্ষার্থী রহস্যজনকভাবে অসুস্থ ও অচেতন হয়ে পড়ে। একই বিদ্যালয়ে গত ১০ দিনের ব্যবধানে এটি তৃতীয়বারের মত ঘটনা।
এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
বুধবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত অভিভাবক সমাবেশ চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়। তাদের মধ্যে ছয়জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।