গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৯ পিএম
(no title)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে ৭০৮ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ এবং আলাদা অভিযানে ১৩৫টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি নম্বরবিহীন ভারতীয় পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং ৫ পিস বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা ওই ট্রাক ও যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ টাকার বেশি।
অন্যদিকে, আরেকটি অভিযানে ১৩৫টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ একটি ইজিবাইক জব্দ করে বিজিবি, যার বাজারমূল্য প্রায় ৪৯ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইক চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অত্যন্ত কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত ভারতীয় মালামাল ও যানবাহনগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।