গণমানুষের সাথে
পোর্টাল: gonabarta.com | প্রিন্টের সময়: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৩ পিএম
‘ইসলাম শিক্ষার পরিপন্থি’ দাবি করে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগান সরকার!
আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন অস্ত্রোপচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, কর্নিয়া প্রতিস্থাপন ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’, এমন দাবি তুলে তালেবান কর্তৃপক্ষ চিকিৎসকদের এই জরুরি অস্ত্রোপচার তাৎক্ষণিকভাবে বন্ধের মৌখিক নির্দেশ দিয়েছে।
- ঢাকাবুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
৪ মিনিট আগেআফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন অস্ত্রোপচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, কর্নিয়া প্রতিস্থাপন ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’, এমন দাবি তুলে তালেবান কর্তৃপক্ষ চিকিৎসকদের এই জরুরি অস্ত্রোপচার তাৎক্ষণিকভাবে বন্ধের মৌখিক নির্দেশ দিয়েছে।২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্যসেবায় নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপের যে ধারা তালেবান শুরু করেছিল, এই সিদ্ধান্ত তারই সর্বশেষ বহিঃপ্রকাশ।
কর্তৃপক্ষের এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির শত শত দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। চিকিৎসকেরা জানান, আফগানিস্তানে বিস্ফোরণ, সংঘাত এবং বিভিন্ন দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পাওয়া রোগীদের দৃষ্টিশক্তি ফেরাতে কর্নিয়া প্রতিস্থাপন অত্যন্ত জরুরি ছিল। সম্প্রতি রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে স্থানীয় চিকিৎসকদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় এমন বিধিনিষেধ নেমে এলো।
কাবুলের নূর আই হাসপাতালের চিকিৎসক নূর জামান হাশিম হতাশা প্রকাশ করে জানান, সরকারি নির্দেশনা আসার আগে সাম্প্রতিক মাসগুলোতে তাদের হাসপাতালে সফলভাবে ৯০টি কর্নিয়া প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল। বর্তমানে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে, যাদের একটি বড় অংশই তরুণ। দশকের পর দশক ধরে চলা সহিংসতায় দেশের স্বাস্থ্য খাত এমনিতেই ভঙ্গুর, তার ওপর কঠোর শাস্তির ভয়ে চিকিৎসকেরা সরকারি নির্দেশ অমান্য করে সেবা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন না।
মানবিক এই কার্যক্রমে সহায়তা দিচ্ছিল যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক চিকিৎসাসেবামূলক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (অ্যাপনা)। ২০১৭ সাল থেকে পাকিস্তানে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনার পর চলতি বছরের শুরুর দিকে সংস্থাটি আফগানিস্তানেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছিল। আন্তর্জাতিক অঙ্গদানের মাধ্যমে সংগৃহীত কর্নিয়া দিয়ে দেশটিতে ইতোমধ্যেই ১৫০টিরও বেশি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল এবং আফগান চিকিৎসকদের পেশোয়ারে নিয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।
অ্যাপনার কর্নিয়া কর্মসূচির প্রধান ডা. ফাওয়াদ জাফফার জানিয়েছেন, আফগানিস্তানে শত শত মানুষের দ্রুত কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন ছিল এবং সে লক্ষ্যেই তারা বিনামূল্যে কর্নিয়া সরবরাহ শুরু করেছিলেন। কিন্তু তালেবান প্রশাসনের হঠাৎ নিষেধাজ্ঞার কারণে আশাব্যঞ্জক এই মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচি এখন পুরোপুরি স্থবির ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যা দেশটির সাধারণ রোগীদের চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।